বাংলাদেশের আইটি ও টেলিকম খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

২০ জুন, ২০২৪ ১২:১৭  

বাংলাদেশের আইটি ও টেলিকম খাতে আরো বিনিয়োগ করতে চায় মালয়েশিয়ার সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে ব্যবসার পরিসর বাড়াতে এক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু জটিলতার কথা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

বৃহস্পতিবার সচিবালয়ের ৭ নং ভবনের সপ্তম তলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাকক্ষে অনুষ্ঠিত আলাপে বিষয়টি তুলে ধরেছে রাষ্ট্রদূত।

বৈঠকের আলাপ বিষয়ে পলক বলেছেন, আমরা আশা করছি রাজস্ব বোর্ড, বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা বিদ্যমান রেখে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতি প্রণয়নের মাধ্যমে আমরা আমাদের আইটি ও টেলিকম সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।

‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুদক্ষ পরামর্শে আইটি ও টেলিকম খাত আজ আমাদের অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ। আগামী ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের টেলিকম খাতকেও স্মার্ট করণের মাধ্যমে আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই এবং অর্থনীতিকে স্মার্ট ও সমৃদ্ধ করতে চাই’-যোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে।’

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: মুশফিকুর রহমান এবং বাংলাদেশে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইডটকোর পরিচালক (ফিনান্স) আহমেদ জুবায়ের আলী উপস্থিত ছিলেন।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও টেলিটকের বর্তমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করনীয় বিষয়ে মতবিনিময় করেন জুনাইদ আহমেদ পলক।